টেকনো ড্রাগসের আইপিওতে বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া
Reporter01
1305
প্রকাশিত: ১৩ জুন ২০২৪
Collected from online
টেকনো ড্রাগস পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নিকট থেকে ১০০ কোটি টাকার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) আহ্বান করে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) কোম্পানিটির আইপিও আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ সাড়া পেয়েছে টেকনো ড্রাগস।
এর আগে, গত ০৯ জুন থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। এর কাট-অব প্রাইস নির্ধারণ করা হয় ৩৪ টাকা। কাট-অব প্রাইসের ৩০ শতাংশ কম দামে অর্থাৎ ২৪ টাকা করে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কেনার আবেদন করেছেন।
টেকনো ড্রাগস লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করছে। সংগৃহীত অর্থে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী কারখানা), ভবন নির্মাণ (গাজীপুর কারখানা), আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ২২ টাকা ৫৭ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। পাঁচ বছরের ভারিত গড় হারে যা ৩ টাকা ২৫ পয়সা।
সর্বশেষ নয় মাসে (১ জুলাই’২৩- ৩১ মার্চ’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।
